বিচার বিভাগ পৃথকীকরণ বাস্তবায়নে গৃহীত কার্যক্রম

বাংলাদেশ সুপ্রিম কোর্ট , আপিল বিভাগ কর্তৃক সিভিল আপিল নং ৭৯/১৯৯৯ (মাসদার হোসেন মামলা) এ প্রদত্ত রায়ে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথককরণের নিমিত্ত সরকারের প্রতি ১২ (বার) দফা নির্দেশনা প্রদান করা হয় ৷ তত্‍কালীন সরকার বিচার বিভাগ পৃথককরণ কার্যক্রমের অংশ হিসেবে ২০০৬ সালে জুডিশিয়াল সার্ভিস-সংক্রান্ত চারটি বিধিমালা জারি করে৷

এর কতিপয় বিধান সংশোধন ও পরিমার্জন করত Code of Criminal Procedure (Amendment) Ordinance, ২০০৭-এর খসড়া প্রস্তুত করে৷ এই খসড়া অধ্যাদেশ অনুমোদিত হওয়ার পর গত ১১ ফেব্রুয়ারি, ২০০৭ The Code of Criminal Procedure (Amendment) Ordinance, ২০০৭ (অধ্যাদেশ নং ২, ২০০৭) জারি করা হয়৷ এরপর সরকার আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী ওই অধ্যাদেশের কিছু বিধান সংশোধন করে ১০ এপ্রিল, ২০০৭ অধ্যাদেশ নং ৪, ২০০৭ জারি করে৷

মাননীয় প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিদের সমন্বয়ে গত ১০ মে, ২০০৭ অনুষ্ঠিত ফুল কোর্ট সভার সিদ্ধান্ত মোতাবেক সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস-সংক্রান্ত পূর্বোল্লিখিত চারটি বিধিমালাকে ১ জুলাই, ২০০৭ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করে৷ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সমূহের জন্য বিভিন্ন শ্রেনীর ম্যাজিস্ট্রেটের ৬৫৫টি পদ এবং সহায়ক কর্মকর্তা -কর্মচারীর তিন হাজার ৬১৮টি পদসহ মোট চার হাজার ২৭৩টি পদ রাজস্ব খাতে অস্থায়ী ভাবে সৃজন করে গত ১৩ সেপ্টেম্বর, ২০০৭ এতদ সম্পর্কিত সরকারি অদেশ (জিও) জারি করা হয়েছে৷

The Code of Criminal Procedure (Amendment) Ordinance, ২০০৭ (অধ্যাদেশ নং ২, ২০০৭) এর ধারা ১ (২) এ উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের ১১৫ অনুচ্ছেদ ও ১৩৩ অনুচ্ছেদের শর্তাংশের অধীনে প্রণীত বিধিমালা কার্যকর হওয়ার পর সুপ্যিম কোর্ট যে তারিখ থেকে কার্যকর করার জন্য পরামর্শ দেবে, সে তারিখে সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্ধারণের মাধ্যমে ওই অধ্যাদেশ (অধ্যাদেশ নং-২, ২০০৭) কার্যকর হবে৷ এই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান বিচারপতির সভাপতিত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিদের উপস্থিতিতে গত ২৭ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার সিদ্বান্ত অনুযায়ী সরকার আগামী ১ নভেম্বর , ২০০৭ ওই অধ্যাদেশ কার্যকর হওয়ার তারিখ হিসেবে নির্ধারণক্রমে প্রজ্ঞাপন জারি করেছে৷ সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার সিদ্বান্তের আলোকে সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ আগামী ১ নভেম্বর, ২০০৭ থেকে কার্যকর হতে যাচ্ছে বিধায় সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জুডিশিয়াল/মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পদে নিয়োগ দান করেছে৷ এ প্রক্রিয়ায় চারজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট , ৩৭ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৬০ জন যুগ্ম জেলা জজ/সহকারী দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৭৮ জন সিনিয়র সহকারী জজ/সহকারী জজ/সমপর্যায়ের কর্মকর্তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে৷

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। আইন অধিকার ডেস্ক : ২৮-১০-২০০৭